Friday, January 27, 2017

।।কল কথা।।
     পর্ব-৬

আকাশ ভেঙ্গে বৃষ্টি। অফিসের সামনের রাস্তায় জল জমছে আস্তে আস্তে।আমার টেবিলের বাঁ দিকে ছোট্ট জানলা। চারতলার নীচে ছোট্ট এক ফালি জমি,পাচিল, তার পরই চওড়া রাস্তা চলে গেছে ম্যাক্সমুলারের সামনে দিয়ে।বৃষ্টির বেগ বাড়াতে কাচ ঝাপসা হয়ে এল।আমি মিন্টো পার্কের বৃষ্টি দেখব বলে,বিজনদার ক্যান্টিনে ছুট দিলাম।তখন ভয়াবহ কাজের চাপ,রাত প্রায় ১টা বাজে।চ্যানেল আইডি র কাজ চলছে।দেবাদা ঠায় বসে রয়েছেন এক প্রান্তে।। চ্যানেল হেড এলে সাধারণত চেয়ার ছেড়ে উঠে দাড়ানই ভদ্রতা....কিন্তু দেবাদা এলে কারো খেয়াল ই হত না, কে এল কে গেল....অসম্ভব ভাল এক মানুষ। কাজেরও।
আর এই দেবাদা আমাদের মাথা।খুব একটা নিয়ম কানুন চাপিয়ে দেবার লোক নয়...আমরাও সুযোগে খ্যাপামি করতাম তেড়ে।
ক্যান্টিনে গিয়ে দেখি,মধ্যরাত ,দুজন বসে চুটিয়ে প্রেম করছে,জানলা খুলে বৃষ্টি দেখব বললে,জাস্ট ক্যেলিয়েই দেবে।নামটা বলব না....এখন ওনারা প্রতিষ্টিত।তবে কি প্রতিষ্ঠিতরা প্রেম করে না!! করেই তো,প্রাতিষ্ঠানিক প্রেম।আর আমি বলছি গোপন প্রেম!!
ছিটকে ফিরে এলাম।প্যাসেজে ঘুরঘুর করছি...আকাশে তখন সুন্দরীর ছড়াছড়ি।. হঠাত বান্ধবীর  সাথে দেখা।
প্যাকেট দেখিয়ে বলল,চল,ফুকে আসি।
আমি বললাম,যাচ্ছি,বাট বৃষ্টিতে ভিজে  নীচে জল দেখতে যাব। রাস্তার ওপারে...
...আমরা পুরনো অন্ধকার সিড়ি বেয়ে নেমে এলাম।স্যাঁতসেঁতে শ্যাওলার দেয়াল বেয়ে জল নামছে।নিকষ অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে, ঘুলঘুলি দিয়ে আলোয় পরের ধাপ গুলো আন্দাজ করছি।
বাইরে ঝমারে বৃষ্টি হয়েই চলছে।আমরা সিগারেট ধরিয়ে হেটে চললাম.... বেগবাগান জলে ডুব।শুনশান মধ্যরাত।সাদা হয়ে আসছে,ঝাপসা হলুদ বৃষ্টি রাত।সিগারেট ভেসে গেল। ওভারব্রিজের নীচে দাড়ালাম।সাদা লা মার্টিন এর বাড়িটা আউট ওফ ফোকাস। মাথায় ঘুরছে সৌমিত্রদার স্কেচ গুলো।মধ্যরাত পার করে সৌরভদা রা টলোমলো পায়ে ফেরে,এই রাস্তাতেই,বাস না পেলে...পায়ে হেটে,পুলিশ বাচিয়ে।আমাদের অবশ্যি সে ভয় ছিল না....চেনা চত্তর,চেনা পুলিস।। বান্ধবী পকেট থেকে রাম এর নীপ বের করে চুমুক দিল।তারপর আমি.....।আরো এক নীপ.....ভেসে গেল শহর।
অফিসে মদ খেয়ে ঢোকা যাবেনা... আমরা ঝিম ধরে বসে রইলাম রাস্তার পাশে রেলিং এ। রাত বেড়ে চলল।বৃষ্টি একসময় থেমে এল।আমরা উঠে গেলাম ৪ তলায়।
 ছড়িয়ে ছিটিয়ে সব্বাই ঘুমাচ্ছে।আমার কাজ সৌমিত্রদা প্রায় শেষ করে ফেলেছে।ওর চোখে ঘুম নেই।চোরের মত গুটিগুটি পায়ে ঢুকছি,সোমিত্রদা বলল,চল,  এট্টু চা খেয়ে এবার বসে পড়।আমি প্রায় শেষ করে এনেছি।

তা.....রাম কি সব শেষ??????

No comments:

Post a Comment